শরৎ পূর্ণিমার নিশি নিৰ্মল গগন
মন্দ মন্দ বহিতেছে মলয় পবন
লক্ষী দেবী বামে করি বসি নারায়ণ
বৈকুন্ঠ ধামে তে বসি করে আলাপন
হেনকালে বীণা হাতে আসে মুনিবর
করি গুণগানে মত্ত হইয়া বিভোর
গান সম্বরিয়া উভে বন্দনা করিল
বসিতে আসন তারে নারায়ণ দিলো
মধুর বচনে লক্ষী জিজ্ঞাসিল তায়
কি বা মনে করি মুনি আসিলি হেথায়
কহে মুনি তুমি চিন্ত জগতের হিত
সবার অবস্থা আছে তোমার বিদিত
সুখেতে আছে ছয় জাতক মর্তবাসীগণ
বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন
লক্ষীমার্ হেন কথা শুনি মুনিবর
কহিতে লাগিলা তারে জুড়ি দুইকর
অপার করুণা তোমার আমি ভাগ্যবান
মর্তলোকে নাহি দেখি কাহার কল্যাণ
সেথায় নাহি মা আর সুখ শান্তি লেশ
দুর্ভিক্ষ অনলে মা গো পুড়িতেছে দেশ
রোগ শোক নানাব্যাধি বলিতে সবাই
ভুগিতেছে সকলেতে করে হায় হায়
অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে
স্ত্রী পুত্র ত্যাজে সবাই যায় দেশান্তরে
স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার
সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার
তুমি মা গো জগতের সর্বহিতকারী
সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী
স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে
তবে কি জীবের এতো দুঃখ হতে পারে
নারদের বাক্য শুনি লক্ষী বিষাদিতা
কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা
নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ
অকারণে মোর প্রতি করো অনুযোগ
শুন হে নারদ বলি যথার্থ তোমায়
মম অংশে জন্ম লয় নারী সমুদয়
তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে
তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে
লক্ষীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণমনে
কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে
কি ভাবেতে পাবে তারা তব পদছায়া
দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া
মুনির বাক্যে লক্ষীর দয়া উপজিল
মধুর বচনে তাহারে বিদায় করিল
নারীদের সর্ব দুঃখ যে প্রকারে যায়
কহ তুমি নারায়ণ তাহার উপায়
শুনিয়া লক্ষীর বচন কহে লক্ষীপতি
কি হেতু উতলা প্রিয়ে স্থির করো মতি
প্রতি গুরুবারে মিলি যত বামাগনে
করিবে তোমার ব্রত ভক্তি যুক্ত মনে
নারায়ণের বাক্যে লক্ষী অতি হৃষ্ট মন
ব্রত প্রচারিতে মর্তে করিল গমন
মর্তে আসি ছদ্মবেশে ভ্রমি নারায়ণী
দেখিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া আপনি
সদয় হইয়া লক্ষী জিজ্ঞাসিল তারে
কহ মাগো কি হেতু এ ঘোর কান্তারে
বৃদ্ধা কহে শুনো মাতা আমি অভাগিনী
কহিল সে লক্ষী প্রতি আপন কাহিনী
পতি পুত্র ছিল মোর লক্ষীযুক্ত ঘর
এখন সব ছিন্নভিন্ন যাতনাই সার
যাতনা সহিতে নারি এসেছি কানন
ত্যাজিব জীবন আজি করেছি মনন
নারায়ণী বলে শুনো আমার বচন
আত্মহত্যা মহাপাপ নরকে গমন
যাও মা গৃহেতে ফিরে করো লক্ষীব্রত
আবার আসিবে সুখ তব পূর্ব মতো
গুরুবারে সন্ধ্যাকালে মিলি এয়োগণ
করিবে লক্ষীরব্রত করি একমন
কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন
জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা
আম্রের পল্লব দিবে তায় এক গোটা
আসন সাজায়ে দিবে তাতে গুয়া পান
সিঁদুর গুলিয়ে দিবে ব্রতের বিধান
ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে
শুনিবে পাঁচালি কথা দূর্বা লয়ে হাতে
একমনে ব্রতকথা করিবে শ্রবণ
সতত লক্ষীর মূর্তি করিবে চিন্তন
ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে
এয়োগনে সবে মিলি সিঁদুর পড়িবে
দীন দুঃখী নারী একজন আসি উপনীত হয়
পতি তার চির রুগ্ন অক্ষম অর্জনে
ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে
অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা
স্বামীরে করহ মা সুস্থ আমি ভক্তিহীনা
লক্ষীর প্রাসাদে দুঃখ দূর হইলো তার
নীরোগ হইলো স্বামী ঐশর্য অপার
কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয়
এইরূপে লক্ষী ব্রত করি ঘরে ঘরে
ক্রমে প্রচারিত হলো দেশদেশান্তরে
এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ
লক্ষীদেবী তার প্রতি তুষ্ট সবিশেষ
এই ব্রত দেখি যে বা করে উপহাস
লক্ষীর কোপেতে তার হয় সর্বনাশ
পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার
যেভাবে ব্রতের হয় মাহাত্য প্রচার
বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে
নিয়োজিত বামাগন ব্রতের সাধনে
ভিন্ন দেশবাসি এক বণিক তনয়
আসি উপস্থিত হলো ব্রতের সময়
বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন
পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ
ব্রত দেখি হেলা করি সাধুর তনয়
বলে এ কিসের ব্রত এতে কিবা ফলদ্বয়
বামাগন বলে শুনি সাধুর বচন
লক্ষী ব্রত করি সবে সৌভাগ্য কারণ
সওদাগর শুনি ইহা বলে অহংকারে
অভাবে থাকিলে তবে বুঝিবো উহারে
ধন জন সুখ ভোগ যা কিছু সম্ভব
সকল আমার আছে আর কি বা অভাব
কপালে না থাকে যদি লক্ষী দিবে ধন
হেন বাক্য কভু আমি না করি শ্রবণ
ধনমদে মত্ত হয়ে লক্ষী করি হেলা
নানা দ্রব্যে পূর্ণ তরী বাণিজ্যতে গেলা
গর্বিত জনেরে লক্ষী সহিতে না পারে
সর্ব দুঃখে দুঃখী মাগো করেন তাহারে
বাড়ী গেলো ঘর গেলো ডুবিলো পূর্ণ তরী
চলে গেলো ভ্রাতৃভাব হলো যে ভিখারি
কি দোষ পাইয়া বিধি করিলে এমন
সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে
বোঝাইবো কেমনে ইহা মনে মনে ভাবে
নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি
অবশেষে লখীর ব্রতের স্থানে দিলেন আনি
মনেতে উদয় হলো কেন সে ভিখারি
অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া
অহংকার দোষে দেবী শিক্ষা দিলা মোরে
অপার করুণা তাই বুঝালে দীনে রে
বুঝলে যদি বা মাগো রাখো গো চরণে
ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনে রে
সত্যরূপিণী তুমি কমলা তুমি যে মা
ক্ষমাময়ী নাম তব দীনে করি ক্ষমা
তুমি বিনা গতি নাই এ তিনভূবনে
স্বর্গেতে স্বর্গের লক্ষী দেবী ভুমঙ্গলে
তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে
বিরাজিছো মা তুমি লক্ষী রূপে ভূতলে
জগৎ সর্বস্ব তুমি ঐশর্যদায়িনী
সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী
সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী
ক্ষমা করো এ দাসেরও অপরাধ যত
তোমা পদে মতি যেনো থাকে অবিরত
শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি
কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতী ধৃতি
সতী সাদ্ধি রমণীর তুমি মা উপমা
দেবগন ভক্তিমনে পূজে সদা তোমা
রাস অধিষ্ঠাত্ৰী দেবী তুমি রাসেশ্বরী
কৃষ্ণপ্রেমময়ী তুমি কৃষ্ণপ্রাণাধিকা
তুমি যে ছিলে মাগো দ্বাপরে রাধিকা
প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী
মালতি কুসুম গুচ্ছে তুমি মা মালতি
বনের মাঝারে তুমি মাগো বন রানী
শত শৃঙ্গে শৈল পরি শোভিত সুন্দরী
রাজলক্ষী তুমি মাগো নরপতিপুরে
সকলের গৃহে লক্ষী তুমি ঘরে ঘরে
দয়াময়ী ক্ষেমঙ্করী অধমতারিণী
অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিনী
পতিত উদ্ধার করো পতিতপাবনী
অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী
অন্নদা বরোদা মাতা বিপদ্নাশিনী
দয়া করো দেবে মোরে মাধবঘরণী
এইরূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে
একাগ্র মনেতে সাধু ব্রতকথা শোনে
ব্রতের শেষে নত শীরে করিয়া প্রণাম
মনেতে বাসনা করি আসে নিজ ধাম
গৃহেতে আসিয়া বলে লক্ষী ব্রত সার
সবে মিলি ব্রত করো প্রতি গুরুবার
বঁধুরাও তিতুষ্ট সাধুর বাক্যেতে
ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে
নাশিল সাধুর যত দুষ্টু সহচর
দেবীর কৃপায় সম্পদ লভিল প্রচুর
আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর
পূর্ণ তরী উঠে ভাসি জলের উপর
সাধুর সংসার হলো শান্তি ভরপুর
মিলিল সকলে পুনঃ ঐশর্য প্রচুর
এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার
মনে রেখো সংসারেতে লক্ষী ব্রত সার
দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে
অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন
ইহলোকে সুখী অন্তে বৈকুন্ঠে গমন
লক্ষীর ব্রতের কথা বড়োই মধুর
যতনে তে রাখো তাহা আসন উপর
যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে
অভাব ঘুচিয়া যায় লক্ষী দেবীর বরে
লক্ষীর পাঁচালির কথা হলো সমাপন
ভক্তি করি বর মাগো যার যাহা মন
সিঁথিতে সিঁদুর দাও সব এয়ো মিলে
উলুধ্বনি করো সবে অতি কৌতূহলে
দুইহাত জোড় করি ভক্তিযুক্ত মনে
নমস্কার করহ সবে দেবীর চরণে
নমস্কার করহ সবে দেবীর চরণে
নমস্কার করহ সবে দেবীর চরণে