LyricFind Logo
LyricFind Logo
Profile image icon
Lyric cover art

Sapath (recitation)

Apple Music logo
Deezer logo
Spotify logo
Lyrics
শপত পঞ্চাশ দশকে লেখা কবি
পাষাণী অহল্যা ওগো যত রাজপথ
কান পেতে কি আমার আগমনী শোনো
আমিও তো কান পাতি
আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষতমুখে
কোথায় সমুদ্রে গর্জে তরঙ্গে উত্তাল
কোথায় কোরিয়া আর অন্ধ্র কাকদ্বীপ
রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর
পায়ে পায়ে সেই পথে চলি আমার এ অঙ্গরাগ
মিছিলের পায়ে ওড়া ধূলি
আমার এ কর্মকার মন
ক্রমাগত শ্বাস টেনে হাপরের মতো
জ্বেলে রাখে চেতনা আগুন
হৃদয় পিণ্ডের ঘায়
তপ্তলাল ইস্পাতের শপথ শানায়
তবু ওগো অহল্যা আমার
কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে
আমার কুটিরে আর জ্বলে নাতো আলো
ভাঙা ছাদ টলোমলো বৃষ্টি এসে পড়ে
স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি
পরগাছা সরীসৃপ ভয়ালো কুটিল
বাসা বেঁধে আছে যেথা এক দিন ছিল
প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি
অহল্যা আমার শোনো
আমারও তো শান্তি নেই
আমার বুকের দুর্গে করে আক্রমণ
ফ্যাসিস্ত দস্যুর মতো যক্ষ্মাবীজ এসে
তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস
আমার বিশ্বাস জানি রক্তকণিকারা
লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত
আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত
অমর স্তালিনগ্রাদ
আবার আমারই বুকে ফিরে পাবো আমি
মিছিলে মিলেছি কেননা বুকের
কলজের সাথে হাড় পাঁজরেরা
মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে
কেননা আমার শান্তির নীড়
হাসি আর গান ভালোবাসা দিয়ে
গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে
মিছিলে মিলেছি কেননা আমরা
স্তন্য না পেয়ে মায়েদের কোলে
বোবা শিশুদের আর্তনাদের
বাঙময় ভাষা শুনেছি
কেননা আমরা ফিরে পেরে চাই
আমাদের যত হৃত যৌবন
স্বপ্নকে নিয়ে চোলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা
কেননা দেশের যত ঘর বাড়ি
কলকারখানা ধানের খামার
মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা
কালপুরুষের হাত থেকে তাই
জিজ্ঞাসা ছিঁড়ে এনে
প্রত্যেক মুখে জবাব লিখেছি
ঘোষণার অক্ষরে
এ দেশ আমার আমাদের মাটি
এ দেশে যেখানে যতকিছু খাঁটি
আমাদের কলকারখানা আর
আমাদের নদী খনি ও পাহাড়
আমাদেরই ভরা সোনার খামার
আমাদের ভাই আমাদের বোন
আমরাই যারা খাঁটি
আমাদের বুকে গড়েছি এবার
শেষ যুদ্ধের ঘাঁটি
এ দেশের প্রতি মায়ের চক্ষে
আমারই বেদনা ঝরে
এ দেশের প্রতি শিশুর বক্ষে
আমারই স্বপ্ন মরে
আমারই রক্ত ঝরে কাকদ্বীপে
ডোঙাজোড়া মালদহে
ভরদ্বাজের হৃদয় পিণ্ডে
আমারই ধমনি বহে
তাই দেশে দেশে যত প্রতিরোধ
তারি মাঝে তুলি রক্তের শোধ
নানকিং আর প্যারির যুদ্ধে
আমরাই সাথে আছি
কাকদ্বীপে মরে আমরা আবার
তেলেঙ্গানায় বাঁচি
কাকদ্বীপ শোনো কাকদ্বীপে সেই চন্দন পিঁড়ি শ্মশানে
যেদিন আমরা অহল্লা মাকে চিতা সজ্জায় তুললাম
আহা শপত আগুনে দাউ দাউ জ্বালা পাঁজরে চিতা শয্যায়
যেন কলজে জ্বালিয়ে ফেললাম
কত ভাষা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতি লাস্যের
কত আশা ছিল ভ্রুণে স্বপ্নে শিশুদের কলহাস্যে
এক টুকু ক্ষেত ছোট্ট বেড়া ঘেরা গন্ডির বাধা হারা
এক টুকু ঘর সকল ঘরে আনন্দ দিয়ে ভরা
সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া
সকল মায়ের চোখ দিয়ে নিজ বাচ্ছাটি পানে চাওয়া
হায় সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে
হতাশার চড়ে আছড়িয়ে পড়েছি কেঁদে সুধী আছি
মা গো এমনি করে জীবনের যত মূল্যের বিনিময়ে
বার বার কালো মৃত্যুকে হবে কেনা
মৃত্যু দামে কবে শোধ দেবো জীবনের যত দেনা
সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
সেদিন আকাশে জলভরা মেঘ
বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিলো
এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে
পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র
তারই দাবী নিয়ে সারা কাকদ্বীপে
কোন গাছে কোন কুঁড়িরা ফোটেনি
কোন অঙ্কুর মাথাও তোলেনি
প্রজাপতি যতো আরও একদিন গুটিপোকা হয়েছিলো
সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিলো
তাই গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরী হও
কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরী হও
কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরী হও
ঘরে ঘরে ডাক পাঠাই তৈরী হও জোটবাঁধো
মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
প্রতিভা আর যশোদা মার রক্তবীজ এই মিছিল
স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল
শিশুহারা মাতাপিতার অভিশাপের এই মিছিল
এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিল
হও সামিল হও সামিল হও সামিল
আমর বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন
কোটি মনের বরফ জমা অগাধ সম্ভাবনা
কোটি দেহের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে
কোটি শপথ পাথর জমা গোনে শেষের লগ্ন
তবে আমার বজ্রনাদে শোন রে ঘোষনা
কোটি দেহের সমষ্টি এই আমিই হিমালয়
আমি তোদের আকাশ ছিঁড়ে সূর্য পড়ি ভালে
তুচ্ছ করি কুজ্ঝ্বটিকা মেঘের ভ্রুকুটিও
জানাই তবে কারা আছিস ঘৃণ্য পরগাছা
কোটি বুকের কলজে ছিঁড়ে রক্ত করিস পান
বুকে শ্বাপদ মুখে তোদের অহিংসা অছিলা
এবার তবে করবি তো আয়
আমার মোকাবিলা

WRITERS

Salil Chowdhury

PUBLISHERS

Lyrics © IPRS, MUSIC SERVICES, INC., INRECO / HINDUSTHAN MUSIC PUBLISHING PRIVATE LIMITED

Share icon and text

Share


See A Problem With Something?

Lyrics

Other